জাকির আলী :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ২৪,এপ্রিল :: প্রথাগত সূচির বাইরে গিয়ে আচমকাই গঙ্গার বুকে নৌকাবিহারে বেরোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । লোকভবনে রাত্রিবাসের পর এদিন সকালে প্রাতর্ভ্রমণ সেরে বাবুঘাটে নৌকায় ওঠেন তিনি।
প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফর যেমন সাধারণ মানুষকে অবাক করেছে, তেমনই আপ্লুত করেছেন সাধারণ নৌকার মাঝি ও মালিকদের।
প্রধানমন্ত্রী যে নৌকায় চড়েন, সেটির মাঝি ছিলেন গৌরাঙ্গ বিশ্বাস। মাঝগঙ্গায় প্রধানমন্ত্রীকে ঘুরিয়ে আনতে পেরে তিনি রীতিমতো বাকরুদ্ধ। গৌরাঙ্গ বলেন, “সবটাই স্বপ্নের মতো মনে হচ্ছে।
প্রধানমন্ত্রী নিজেই ক্যামেরা নিয়ে উঠেছিলেন, ছবি তুলছিলেন। মাঝেমধ্যে আমার নাম জানতে চান। শেষে আমাকে বুকে জড়িয়ে ধরেন। এই স্মৃতি কোনোদিন ভুলব না।”
নৌকার মালিক মহম্মদ ইফতিকার আহমেদ জানান, সকালেই তাঁর সাতটি নৌকা ভাড়া করা হয়েছিল। কিন্তু কেন বা কার জন্য, তা জানানো হয়নি। নৌকাবিহার শুরুর মাত্র পাঁচ মিনিট আগে তিনি জানতে পারেন যে খোদ প্রধানমন্ত্রী তাঁর নৌকায় সওয়ার হচ্ছেন।
এই সফরে আপ্লুত যুগপৎ কলকাতা বাসি ও নৌকোর মাঝি মাল্লারা । খুশি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও । তিনি নিজেই ক্যামেরা নিয়ে নৌকোয় উঠে পড়েন এবং নিজের মন ভরে ছবিও তুলতে থাকেন ।
তাঁর এই মেজাজ দেখে অনেকেই মনে করছেন হয়তো বা প্রথম দফার ভোটের সরকারি সমীক্ষা বুঝিবা তাঁর আগামী সাফল্যেরই ইঙ্গিত দিচ্ছে ।

