রেশন কেলেঙ্কারিতে ‘ইডি স্ট্রাইক’ পূর্ব বর্ধমানে – রাইস মিল/গদিঘরে হানা, খতিয়ে দেখা হচ্ছে ডিজিটাল প্রমাণ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ২৫,এপ্রিল :: রেশন দুর্নীতি মামলায় পূর্ব বর্ধমানে বড়সড় অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

শনিবার ভোর থেকেই পূর্ব বর্ধমান জেলার একাধিক জায়গায় শুরু হয় তল্লাশি, যার কেন্দ্রে রয়েছে বর্ধমান শহরের বাদামতলার অন্তর্গত মা অন্নপূর্ণা রাইস মিল’ এবং সংশ্লিষ্ট গদিঘর।

জিটি রোডের রুবি প্যালেস মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত অফিসেও চলছে জোর তল্লাশি। ইডি সূত্রে জানা গিয়েছে, একাধিক আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবেই এই অভিযান চালানো হচ্ছে।

সকাল গড়াতেই এলাকাজুড়ে বাড়ে তৎপরতা—রাইস মিল চত্বর ও অফিস ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী, শুরু হয় নথিপত্র খতিয়ে দেখার কাজ। তল্লাশির সময় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ডিজিটাল তথ্যপ্রমাণের ওপর।

ল্যাপটপ, হার্ডডিস্ক, মোবাইল ফোন-সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস খুঁটিয়ে পরীক্ষা করছেন তদন্তকারীরা। সূত্রের খবর, রেশন বণ্টন ব্যবস্থায় অনিয়ম, চালের হিসাব গরমিল এবং আর্থিক লেনদেনের অসঙ্গতি খতিয়ে দেখতেই এই তল্লাশি।

এই অভিযানের মাধ্যমে গুরুত্বপূর্ণ নথি ও তথ্য হাতে পাওয়ার আশায় রয়েছে ইডি। তদন্তকারীদের অনুমান, এই রাইস মিল ও গদিঘর থেকেই রেশন দুর্নীতির বড় চক্রের যোগসূত্র মিলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − two =