নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঠাকুর নগর :: রবিবার ২৬,এপ্রিল :: রবিবার বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ঠাকুরনগরে বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত জনসভা থেকে সিএএ এবং নাগরিকত্ব ইস্যুতে তৃণমূলের ‘অপপ্রচার’ রুখতে কড়া বার্তা দিলেন মোদীজী ।
শরণার্থীদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, “আমি স্পষ্ট বলছি, আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে। আপনারা স্থায়ী ঠিকানা পাবেন, পাবেন প্রয়োজনীয় প্রতিটি সরকারি নথি। একজন ভারতবাসী যে সমস্ত অধিকার পান, আপনারা তার সবটুকু পাবেন। এটা মোদীর গ্যারান্টি।”
মোদী আরও স্মরণ করিয়ে দেন যে, জনসংঘের আমল থেকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শরণার্থীদের অধিকারের কথা বলে এসেছেন এবং বিজেপি সেই আদর্শেই দায়বদ্ধ।
তিনি অভিযোগ করেন, বাংলায় এখন একটাই দোকান চলে— যার নাম ‘সিন্ডিকেট ও কাটমানি’। এই অবস্থা থেকে বাংলাকে ‘আজাদি’ দিতে তিনি মানুষের কাছে একটি করে ভোট প্রার্থনা করেন। বলেন, ‘নেতাজি বলেছিলেন রক্তের বদলে স্বাধীনতা দেব, আমি আপনাদের কাছে একটি করে ভোট চাইছি তৃণমূলের দুর্নীতি ও অত্যাচার থেকে মুক্তি দিতে।’
ঠাকুরনগরের সভা থেকে প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে প্রতি বছর মহিলাদের ৩৬ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের বড় প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
পাশাপাশি স্নাতক পাশ করলে ছাত্রীদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ঠাকুরনগরে এক বিশাল জনসভা থেকে বাংলার মহিলাদের জন্য একগুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্পের প্রতিশ্রুতি দিলেন তিনি ।
বিনামূল্যে চিকিৎসা থেকে শুরু করে শিক্ষা এবং সরকারি চাকরিতে সংরক্ষণের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী দাবি করেন, বাংলায় ডাবল ইঞ্জিন সরকার এলে সবথেকে বেশি লাভবান হবেন মহিলারাই।

