ভোটের আগে ভাঙড়ে বারুদের গন্ধ – একসঙ্গে ১০০টি বোমা উদ্ধার

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: রবিবার ২৬,এপ্রিল :: –আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভা এলাকায় ফের বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

রবিবার উত্তর কাশীপুর থানার অন্তর্গত ছেলে গোয়ালিয়া এলাকায় এক তৃণমূল কর্মীর বাড়ির পিছনে থাকা বাগান থেকে মোট ১০০টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।

এই ঘটনাকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়, পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।

একটি নির্দিষ্ট বাড়িকে কেন্দ্র করে সন্দেহ তৈরি হওয়ায় সেই বাড়ির পিছনের বাগানে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় একটি ব্যাগের সন্ধান মেলে। সেই ব্যাগ খুলতেই তার ভিতর থেকে একে একে বেরিয়ে আসে মোট ১০০টি তাজা বোমা।

সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডেকে এনে উদ্ধার হওয়া বোমাগুলি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দাবি করেন, ভোটের আগে এভাবে বোমা উদ্ধার হওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও এলাকায় টহল শুরু করে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।

আইএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরাই এলাকায় অশান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে এই বোমাগুলি মজুত করে রেখেছিল। তাঁদের দাবি, ভোটের আগে বিরোধীদের ভয় দেখানো এবং এলাকায় প্রভাব বিস্তার করতেই এই ধরনের অস্ত্র মজুত করা হচ্ছিল।

পুলিশের এক আধিকারিক জানান, “গোপন সূত্রে খবর পেয়েই আমরা দ্রুত পদক্ষেপ করি। তল্লাশি চালিয়ে বোমাগুলি উদ্ধার করা হয়েছে। এগুলি তাজা বোমা ছিল এবং সেগুলি যথেষ্ট বিপজ্জনক।

আমরা ইতিমধ্যেই বোমাগুলি নিষ্ক্রিয় করেছি এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। খুব শীঘ্রই দোষীদের চিহ্নিত করা সম্ভব হবে বলে আশা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + thirteen =