নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ২৮,এপ্রিল :: বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য ভিন রাজ্য থেকে বাড়িতে ফিরেছিলেন বহু পরিযায়ী শ্রমিক।
ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হতেই ফের কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিলেন তাঁরা। জানা গেছে, ভোটের দু’দিন পর প্রায় ৩০০ জন পরিযায়ী শ্রমিক হায়দ্রাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।
পরিযায়ী শ্রমিকদের কথায়, গণতান্ত্রিক অধিকার পালন করতে বাড়িতে ফিরে ভোট দিলেও জীবিকার তাগিদে আবারও ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে। তাঁদের দাবি, “যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, আমাদের রাজ্যে স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি শিক্ষার সুযোগও বাড়াতে হবে।”
তাঁরা আরও জানান, পরিবারের সদস্যদের—বিশেষ করে বাড়িতে থাকা মা-বোনেদের নিরাপত্তা নিয়ে সবসময়ই দুশ্চিন্তায় থাকতে হয়। তাই রাজ্যে কাজের সুযোগ তৈরি হলে বাইরে যেতে হতো না এবং পরিবারও নিরাপদ থাকত।
পরিযায়ী শ্রমিকদের এই বক্তব্যে স্পষ্ট, শুধু ভোট দেওয়া নয়—রাজ্যে উন্নত কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার দাবিই এখন তাঁদের প্রধান প্রত্যাশা

