নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ২৮,এপ্রিল :: ভোট মানেই দায়িত্ব, আর সেই দায়িত্বের টানে কখনও কখনও বদলে যায় জীবনের স্বাভাবিক ছন্দ। কিন্তু সেই দায়িত্ব যদি মিশে যায় একরাশ মায়া আর বাস্তবের টানা পোড়েনে—তখনই তৈরি হয় এক অন্যরকম গল্প।
ঠিক তেমনই ছবি ধরা পড়ল বর্ধমানের ডিসিআরসি কেন্দ্রে অর্থাৎ ইউআইটি কলেজ এ । ফুটফুটে কন্যা শিশুকে কোলে নিয়েই মঙ্গলবার ভোটের ডিউটিতে হাজির হলেন মা-বাবা।
মা বর্ণালী বারিক—পেশায় পোস্ট অফিস কর্মী, আর বাবা ব্যাংকের কর্মী। দু’জনেরই ভোটের ডিউটি পড়েছে—একজনের বর্ধমানে, অন্যজনের ভাতারে।
সমস্যার শুরুটা বাড়ি থেকেই। যে পরিচারিকার কাছে ছোট্ট মেয়েটিকে রেখে কাজে বেরোনোর অভ্যাস, তাকেও ভোটের জন্য ছুটি নিতে হয়েছে। ফলে প্রশ্ন—শিশুটিকে রাখবেন কোথায়? সেই সমস্যার সহজ কিন্তু আবেগঘন সমাধান—কোলেই করে নিয়ে চলা।
ডিসিআরসি কেন্দ্রে তাই দেখা গেল দায়িত্ব আর ভালোবাসার এক অনন্য মেলবন্ধন। এক হাতে ভোটের কাগজপত্র, অন্য হাতে আদরের মেয়ে। বর্ণালীর কথায়, “অসুবিধা তো হচ্ছেই, কিন্তু কিছু করার নেই। দায়িত্ব তো পালন করতেই হবে।”
ভোটের কড়াকড়ি, প্রশাসনিক ব্যস্ততা—সব কিছুর মাঝেও এই দৃশ্য যেন একটু অন্যরকম উষ্ণতা ছড়িয়ে দিল। দায়িত্বের ডাকে সাড়া দিতে গিয়ে সন্তানের সঙ্গ ছাড়েননি এই দম্পতি—
বরং তাকে নিয়েই পা মিলিয়েছেন গণতন্ত্রের উৎসবে। ভোট বড়ো বালাই—তবে সেই বালাইয়ের মধ্যেও লুকিয়ে থাকে এমনই কিছু মানবিক, ছোঁয়া লাগা গল্প।

