নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ডোমজুড় :: শুক্রবার ১,মে :: আজ ভোররাত প্রায় ৩টে নাগাদ হাওড়ার ঘুসুড়ি জে. এন. মুখার্জী রোডে অবস্থিত হনুমান জুট মিল চত্বরে এক বিধ্বংসী আগুনের সৃষ্টি হয়। মিলের অভ্যন্তরে থাকা ২৫ নম্বর গুদামটিতে এই আগুন লাগে।
গুদামটি মূলত রাখির গুদাম হিসেবে ব্যবহৃত হতো। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকলের ৫টি ইঞ্জিন। গুদামের শাটার বন্ধ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় কর্মীদের, শেষমেশ শাটার ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা।
আগুনের তীব্রতা বেশি হওয়ায় এবং জলের জোগান বজায় রাখতে কাছেই থাকা গঙ্গা নদী থেকে মোটর পাম্পের সাহায্যে জল তুলে নেভানোর কাজ চালানো হয়। আগুনে পুরো গুদামটি ভস্মীভূত হয়ে গেছে।
ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পকেট ফায়ার নেভানোর কাজ চলছে।

