মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বুথে হইচই – তৃণমূল ক্যাম্প ভাঙচুর ঘিরে উত্তপ্ত রাজনীতি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মগরাহাট :: শনিবার ২,মে :: মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের দেউলা নাজরা মন্ডলপাড়া ১২৭ নম্বর বুথে ভোটের দিন উত্তেজনা চরমে পৌঁছাল।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের অস্থায়ী ক্যাম্প অফিসে ঢুকে ভাঙচুর চালায়। এই ঘটনাকে ঘিরে মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের দাবি, কোনও উস্কানি ছাড়াই হঠাৎ করেই কেন্দ্রীয় বাহিনী ক্যাম্পে ঢুকে পড়ে এবং আসবাবপত্র ভাঙচুর করে।

ঘটনায় ক্ষুব্ধ কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তাঁদের অভিযোগ, ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করতেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনার জেরে ওই বুথ সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও, পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − twelve =