নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাণ্ডুয়া :: সোমবার ৪,মে :: বিধানসভা নির্বাচনের আবহ কাটতে না কাটতেই হুগলির পান্ডুয়া রেলপাড় এলাকায় শুরু হল রেলের উচ্ছেদ অভিযান। রাতের অন্ধকারে বুলডোজার নিয়ে হঠাৎ নেমে পড়ে রেল কর্তৃপক্ষ, যার জেরে মুহূর্তের মধ্যে গৃহহীন হয়ে পড়েন বহু পরিবার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচন ঘোষণার আগেই রেলপাড়ের বাসিন্দাদের উদ্দেশ্যে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। তবে সেই সময় কোনও অভিযান চালানো হয়নি।
এরপর ২৯ তারিখ দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পরদিনই ফের নতুন করে নোটিশ জারি করা হয়। সেখানে মাত্র এক দিনের মধ্যে এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়।
এই স্বল্প সময়ে অনেকেই নিজেদের সামর্থ্য অনুযায়ী ঘরবাড়ি ও দোকান খালি করলেও, বেশ কিছু পরিবার বিকল্প আশ্রয় খুঁজে পায়নি। ফলে আজ আচমকাই উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় বিপাকে পড়েন বহু মানুষ। ভেঙে ফেলা হয় ঘরবাড়ি, রাস্তায় বসেই কান্নায় ভেঙে পড়েন বাসিন্দারা।
স্থানীয়দের একাংশের অভিযোগ, ভোটের আগে রাজনৈতিক কারণে উচ্ছেদ স্থগিত রাখা হয়েছিল। তাঁদের কথায়, “ভোট মিটতেই আমাদের উপর এই আঘাত নামানো হল। কিছুটা সময় দিলে অন্তত মাথা গোঁজার ঠাঁই জোগাড় করা যেত।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদে সামিল হন বহু বাসিন্দা। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।
এদিকে, এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তবে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। গৃহহীন হয়ে পড়া পরিবারগুলির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। তাঁদের একটাই দাবি—অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক।

