কে বসবে বাংলার কুর্সিতে ? শুভেন্দু অধিকারী না স্বপন দাশগুপ্ত !!

আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ৫,মে :: দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিজেপি। রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এই ফলাফলকে যুগান্তকারী বলেই মনে করছেন বিশ্লেষকরা।

বহু বছরের রাজনৈতিক সমীকরণ ভেঙে দিয়ে ক্ষমতার শীর্ষে উঠে এসেছে গেরুয়া শিবির। তবে ফলাফল ঘোষণার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন— বাংলার ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

দলীয় সূত্রে খবর, খুব শীঘ্রই কলকাতায় বিজেপির বিধায়কদলের বৈঠক ডাকা হতে পারে। সেই বৈঠকেই আনুষ্ঠানিকভাবে নেতা নির্বাচন করা হবে। যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের তরফেই।

মুখ্যমন্ত্রীর দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে শুভেন্দু অধিকারীকে। দীর্ঘদিনের প্রশাসনিক ও রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রহণযোগ্যতা তাঁকে এই দৌড়ে অনেকটাই এগিয়ে রেখেছে। নির্বাচনী প্রচারে তাঁর সক্রিয় ভূমিকাও দলীয় মহলে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক অনির্বাণ মুখোপাধ্যায় বলেন,“যদি অভিজ্ঞতা ও সংগঠনের ভিত্তিতে বিচার করা হয়, তাহলে শুভেন্দুই স্বাভাবিক পছন্দ। তবে বিজেপির ক্ষেত্রে শেষ মুহূর্তে চমকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ”

এক্ষেত্রে আরও একটি নাম উঠে আসছে তিনি হলেন স্বপন দাশগুপ্ত । তিনি রাসবিহারী কেন্দ্র থেকে জয়ী হওয়া সাংবাদিক ও রাজনীতিক স্বপন দাশগুপ্ত !

মুখ্যমন্ত্রীর সম্ভাব্য তালিকায় রয়েছেন দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার । দিলীপ ঘোষের দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা এবং তৃণমূল-বিরোধী রাজনীতিতে তাঁর ধারালো অবস্থান তাঁকে আলোচনায় রেখেছে। অন্যদিকে সুকান্ত মজুমদারকে তরুণ ও শিক্ষিত মুখ হিসেবে তুলে ধরার সম্ভাবনাও খতিয়ে দেখছে দল।

দলীয় সূত্রের খবর, বিজেপির শীর্ষ নেতৃত্ব— নরেন্দ্র মোদী,অমিত শাহ এবং রাজনাথ সিংহ — বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করছেন। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই কলকাতায় কেন্দ্রীয় পর্যবেক্ষক পাঠানো হতে পারে।

রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ । সংগঠনের তরফে এমন একজন মুখকে সমর্থন করার সম্ভাবনা রয়েছে, যিনি একদিকে প্রশাসনিকভাবে দক্ষ, অন্যদিকে সংগঠনের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

দলীয় সূত্রের দাবি, নেতা নির্বাচনের পর আগামী সপ্তাহের মধ্যেই রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে। সেখানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক শীর্ষ নেতা।

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ের পর এখন সব নজর একটাই— বাংলার নতুন মুখ্যমন্ত্রী কে? শুভেন্দু কি শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন, নাকি বিজেপি আবারও চমক দেবে— তার উত্তর মিলবে খুব শিগগিরই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 8 =