নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: শুক্রবার ৮,মে :: শান্তিনিকেতনের মুকুটে নতুন পালক! মাধ্যমিকের মেধাতালিকায় দশম স্থান অধিকার করে নজর কাড়ল শান্তিনিকেতন নবনালন্দা উচ্চ বিদ্যালয়ের ছাত্র সেখ সাদ হোসেন।প্রকাশিত হলো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল।
আর এবারের মেধা তালিকায় বীরভূম জেলার নাম উজ্জ্বল করল শান্তিনিকেতন নবনালন্দা উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্র সেখসাদ হোসেন। মোট প্রাপ্ত ৬৮৮ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে *দশম স্থান* অধিকার করে নিয়েছে সে।
সাফল্যের নেপথ্যে কঠোর পরিশ্রম । ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র হিসেবে পরিচিত সাদ। তবে মাধ্যমিকের এই বড় লড়াইয়ের জন্য গত দু-বছর ধরে নিয়ম মাফিক পড়াশোনা চালিয়েছে সে। পাঠ্যবইয়ের খুঁটিনাটি পড়ার পাশাপাশি স্কুলের শিক্ষকদের নির্দেশনাই ছিল তার সাফল্যের মূল চাবিকাঠি।
পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর স্বভাবতই উচ্ছ্বসিত সাদ ও তার পরিবার। শান্তিনিকেতনে খুশির হাওয়া সাদের এই অভাবনীয় সাফল্যে । নবনালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে শান্তিনিকেতনের সাধারণ মানুষের মধ্যে আনন্দের লহরী বয়ে গিয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক জানান সাদ অত্যন্ত মনোযোগী এবং শান্ত স্বভাবের ছেলে। ওর এই ফল আমাদের স্কুলের জন্য অত্যন্ত গর্বের।
নিজের প্রাপ্ত নম্বরে খুশি হলেও সাদের লক্ষ্য অনেক দূরে। আগামী দিনে ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে নিজেকে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে তুলতে চায় সে।
বীরভূমের প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে সাদের এই মেধা তালিকায় জায়গা করে নেওয়া রাজ্যের অন্য হাজার হাজার ছাত্রছাত্রীর কাছে এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

