নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শীতলকুচি :: শনিবার ৯,মে :: শীতলকুচি বিধানসভা এলাকার শিকারপুর গ্রাম পঞ্চায়েতে আজ এক অভিনব ও আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময়ের প্রতিজ্ঞা পূরণ করলেন বিজেপির প্রবীণ কর্মী বিজয় বর্মন।
জানা যায়, বিজয় বর্মন দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি, বিশ্ব হিন্দু পরিষদ এবং সংঘ পরিবারের সঙ্গে যুক্ত। এক সময় তিনি সংঘের প্রচারক হিসেবেও কাজ করেছেন। এছাড়াও তিনি দু’বার মন্ডল সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং কোচবিহার জেলা কমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন।
রাজনৈতিক জীবনে একাধিকবার তিনি সিপিএমের হামলার শিকার হয়েছেন বলেও জানা যায়। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্যেই তিনি এক প্রতিজ্ঞা করেছিলেন— যেদিন পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, সেদিনই তিনি সেলুনে গিয়ে চুল ও দাড়ি কাটবেন।
সেই প্রতিজ্ঞা অনুযায়ী গত ৪০ বছরেরও বেশি সময় তিনি কখনও নাপিতের দোকানে যাননি। চুল-দাড়ি অতিরিক্ত বড় হয়ে গেলে বাড়িতেই সামান্য ছেঁটে নিতেন, যাকে গ্রামের ভাষায় “খেউরি” বলা হয়।
বিজেপির বড় জয় এবং শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর অবশেষে নিজের সেই বহু বছরের প্রতিজ্ঞা পূরণ করলেন বিজয় বর্মন।
আজ শিকারপুর গ্রামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে চুল ও দাড়ি কাটেন। এরপর স্থানীয় কালী মন্দিরে পুজো দেন এবং উপস্থিত মানুষদের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়।
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও আবেগের পরিবেশ তৈরি হয়। বহু মানুষ এই ঘটনাকে একজন একনিষ্ঠ রাজনৈতিক কর্মীর আদর্শ ও বিশ্বাসের প্রতীক বলেই মনে করছেন।

