ব্রিগেডে শুভেন্দুর শপথ, ফেরার পথে বর্ধমানের শক্তিগড়ে বিখ্যাত ল্যাংচা-মিহিদানায় উপচে পড়ল ভিড়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শক্তিগড় :: রবিবার ১০,মে :: কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ ঐতিহাসিক সমাবেশের মধ্য দিয়ে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দেশজুড়ে বিভিন্ন রাজ্যের প্রায় কুড়িজন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও পাঁচজন মন্ত্রীও শপথ গ্রহণ করেন।সকাল থেকেই ব্রিগেড চত্বরে ছিল টানটান উত্তেজনা।

বর্ধমান, বাঁকুড়া, হুগলি, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ কর্মী-সমর্থক ভিড় জমান ব্রিগেডের মাঠে। সভা শেষে ফেরার পথে নজর কাড়ে বর্ধমানের শক্তিগড়ে সেই বিখ্যাত ল্যাংচা, সীতাভোগ ও মিহিদানার দোকানগুলিতে উপচে পড়ে ভিড়।

কর্মী-সমর্থকদের অনেককেই দেখা যায় মিষ্টিমুখ করতে এবং বাড়ির জন্য প্যাকেট ভরতে। খণ্ডঘোষের বেড়ুগ্রাম অঞ্চলের বিজেপি নেতা কৌশিক দত্ত বলেন, “আজ আমাদের আনন্দের দিন। শুধু কর্মীদের সঙ্গে মিষ্টিমুখ করছি না, পাড়া-প্রতিবেশীদের জন্যও মিষ্টি নিয়ে যাচ্ছি।”

অন্যদিকে মা মনসা ল্যাংচা-র পক্ষ থেকে জানানো হয়, এবারে যেমন ল্যাংচার বিক্রি বেড়েছে, তেমনই মিহিদানা ও সীতাভোগের চাহিদাও ব্যাপক বৃদ্ধি পেয়েছে। দোকান কর্তৃপক্ষের দাবি, “হঠাৎ এত বিক্রি হবে বুঝতে পারিনি। মাল অনেকটাই কমে এসেছে।”

বর্তমানে ল্যাংচার দাম ৫ টাকা ও ১০ টাকা পিস, আর মিহিদানা ও সীতাভোগ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + eighteen =