নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: সোমবার ১১,মে :: গঙ্গাসাগরে বিজেপির বিজয়া মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হলো। রবিবার গভীর রাতে সাগর দ্বীপের মুড়িগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কোম্পানি ছাড়া এলাকায় রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।
অভিযোগ, বিজেপির বিজয়া মিছিলের পর তৃণমূল কংগ্রেসের এক বুথ সভাপতির বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরিস্থিতি সামাল দিতে রাতেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে এলাকায় বিজয়া উপলক্ষে একটি মিছিলের আয়োজন করেছিল বিজেপি। মিছিলটি কোম্পানি ছাড়া এলাকার ২৫ নম্বর বুথের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকাই উত্তেজনার সৃষ্টি হয়।অভিযোগ, মিছিলের সঙ্গে থাকা একদল বিজেপি কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি কবাক শেখের বাড়িতে চড়াও হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে বাড়ির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং পরিবারের সদস্যদের ভয় দেখানো হয়। পরে বাড়ির বিভিন্ন অংশে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে খবর, ঠিক কী কারণে এই হামলা হয়েছে, তার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে নাকি ব্যক্তিগত শত্রুতা, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে সাগর থানার পুলিশ।

