আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: নবান্ন :: সোমবার ১১,মে :: রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই প্রশাসনিক পর্যায়ে কিছু রদবদল করেছেন শুভেন্দু অধিকারী। তিনি ১০ জন সরকারি কর্মকর্তাকে বদলি করেছেন।
তাঁদের মধ্যে ৯ জনকে বদলি করে নিজের দপ্তরে এনেছেন এবং একজনকে তাঁর সরকারের হয়ে কাজ করার জন্য উত্তরবঙ্গে পাঠিয়েছেন। বদলি করে নিজ দপ্তরে নিয়ে আসা কর্মকর্তাদের মধ্যে বিতর্কিত রিটার্নিং কর্মকর্তা সুরজিৎ রায়ও আছেন।
এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শুভেন্দুর মূল প্রতিদ্বন্দ্বী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল আসন ভবানীপুরে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কাজ করেছেন সুরজিৎ রায়।

মুখ্য সচিব মনোজ আগরওয়াল
নির্বাচন কমিশন তাঁকে ভবানীপুর নির্বাচনী আসনের রিটানিং কর্মকর্তা করায় মমতা আপত্তি জানিয়েছিলেন। তিনি অন্য কাউকে এই পদে বসানোর আবেদন করলেও নির্বাচন কমিশন তাতে সাড়া দেয়নি।
মমতাদের অভিযোগ ছিল, এই সুরজিৎ রায় একসময় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিডিও (ব্লক ডেভেলপমেন্ট অফিসার) হিসেবে নিযুক্ত ছিলেন। তাঁর আমলেই শুভেন্দু অধিকারী এই আসনে মমতাকে হারিয়ে দিয়েছিলেন।
তাঁকে এবারের নির্বাচনে ভবানীপুরের রিটার্নিং কর্মকর্তা করায় আপত্তি তুলেছিলেন মমতা। মমতার সন্দেহ, নির্বাচন নিয়ে এই কর্মকর্তা উল্টাপাল্টা ঘটনা ঘটাতে পারেন।
শেষ পর্যন্ত ভবানীপুর আসনে শুভেন্দুর কাছে হেরে গেছেন মমতা। শুভেন্দু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই তিনি সেই সুরজিৎ রায়কে তাঁর দপ্তরের কর্মকর্তা হিসেবে নিয়োগ করেছেন।
এ ছাড়া শুভেন্দু সম্প্রতি খুন হওয়া ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের জায়গায় শান্তনু বালাকে নিয়োগ করেছেন।
একই সঙ্গে তিনি এবারের নির্বাচনে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া তদারকারী অবসরপ্রাপ্ত আইএএস কর্মর্কতা সুব্রত গুপ্তকে তাঁর উপদেষ্টা করেছেন। এবার মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হলেন রাজ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল ।

