“অভিষেকের সেবাশ্রয় শিবিরে বন্ধ মাঠ পুনরুদ্ধারের আশ্বাস দীপক হালদারের”

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: মঙ্গলবার ১২,মে :: বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার তৃণমূল কংগ্রেস এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন।

তিনি অভিযোগ করেন, “সেবাশ্রয়ের নামে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মাঠ দখল করে রেখেছেন। ডায়মন্ড হারবারের খেলোয়াড়দের কাছ থেকে খেলার একমাত্র মাঠ কেড়ে নেওয়া হয়েছে। গত আট মাস ধরে একই অবস্থায় মাঠ পড়ে রয়েছে। এর ফলে খেলোয়াড়দের মারাত্মক সমস্যার মুখে পড়তে হচ্ছে।”

তিনি আরও বলেন, “যে উদ্দেশ্যে সেবাশ্রয় শিবির করা হয়েছিল, তা শেষ হয়ে যাওয়ার পরও কেন এই কাঠামো সরানো হলো না, সেই প্রশ্ন আজ সাধারণ মানুষ তুলছেন। মাঠের মধ্যে বিশাল লোহার কাঠামো পড়ে থাকা অত্যন্ত বিপজ্জনক। অবিলম্বে এই মাঠ পরিষ্কার করে খেলোয়াড়দের জন্য খুলে দিতে হবে।”

একইসঙ্গে তিনি দাবি করেন, সেবাশ্রয় শিবিরের জন্য যে বিপুল পরিমাণ টাকা খরচ করা হয়েছে, সেই অর্থ যদি ডায়মন্ড হারবার জেলা হাসপাতাল বা সুপার স্পেশালিটি হাসপাতালে খরচ করা হতো, তাহলে সাধারণ মানুষ সারা বছর স্বাস্থ্য পরিষেবার সুবিধা পেতেন। তার অভিযোগ, মানুষের স্থায়ী উন্নয়নের বদলে শুধুমাত্র রাজনৈতিক প্রচারের জন্য এই ধরনের অস্থায়ী প্রকল্প করা হয়েছে।

দীপক হালদার জানান, বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও আবেদন জানানো হবে। তিনি বলেন, “আমরা চাই যত দ্রুত সম্ভব এই মাঠ পুনরুদ্ধার হোক এবং খেলোয়াড়দের হাতে আবার ফিরিয়ে দেওয়া হোক। ডায়মন্ড হারবারের যুব সমাজের স্বার্থে এই মাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + one =