বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ শুরু বুধবার, চলবে দু’দিন – প্রোটেম স্পিকার হলেন মানিকতলার বিধায়ক তাপস রায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: মঙ্গলবার ১২,মে :: রাজ্যের নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হচ্ছে আগামী বুধবার থেকে। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, টানা দু’দিন ধরে চলবে এই শপথগ্রহণ পর্ব।

মূল বিধানসভা ভবনের পাশাপাশি অ্যানেক্স বিল্ডিংয়েও করা হয়েছে বিশেষ প্রস্তুতি। নিরাপত্তা, বসার ব্যবস্থা এবং প্রশাসনিক সমন্বয় নিয়ে ইতিমধ্যেই একাধিক বৈঠক হয়েছে।

সূত্রের খবর, বুধবার প্রথম দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলার বিধায়কদের শপথগ্রহণ করানো হবে। বৃহস্পতিবার থাকছে উত্তরবঙ্গ ও বাকি জেলার বিধায়করা। প্রত্যেক বিধায়ককে নির্দিষ্ট সময়ের অন্তত এক ঘণ্টা আগে উপস্থিত থাকতে বলা হয়েছে। শপথ পাঠ করাবেন বিধানসভার প্রোটেম স্পিকার তাপস রায় ।

বুধবার যেসব জেলার বিধায়কদের শপথ

কলকাতা উত্তর ও দক্ষিণ – হাওড়া – হুগলি – উত্তর ২৪ পরগনা – দক্ষিণ ২৪ পরগনা – পূর্ব মেদিনীপুর – পশ্চিম মেদিনীপুর – ঝাড়গ্রাম

বৃহস্পতিবার যেসব জেলার বিধায়কদের শপথ

নদিয়া-মুর্শিদাবাদ -পূর্ব বর্ধমান – পশ্চিম বর্ধমান-বীরভূম – পুরুলিয়া – বাঁকুড়া – মালদা – উত্তর দিনাজপুর – দক্ষিণ দিনাজপুর – কোচবিহার – আলিপুরদুয়ার – জলপাইগুড়ি – দার্জিলিং – কালিম্পং

বিধানসভা চত্বরে ইতিমধ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রবেশের ক্ষেত্রে বিশেষ পাস বাধ্যতামূলক করা হয়েছে। বিধায়কদের পাশাপাশি আমন্ত্রিত অতিথি ও প্রশাসনিক আধিকারিকদের জন্য আলাদা প্রবেশপথ রাখা হয়েছে।

এদিকে নতুন সরকারের শপথের পর থেকেই প্রশাসনিক তৎপরতা বেড়েছে রাজ্য জুড়ে। বিধানসভার বিভিন্ন কক্ষ সংস্কার, নামফলক বদল এবং মুখ্যমন্ত্রীর দফতর প্রস্তুতির কাজও দ্রুত গতিতে চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =