পরিষেবা বন্ধের অভিযোগ, তালা খুলে পঞ্চায়েত সচল করলেন বিজেপি বিধায়ক দীপক হালদার

সুদেষ্ণা মন্ডল   :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: বুধবার ১৩,মে :: নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের অন্তর্গত বোলসিদ্ধি কালিনগর গ্রাম পঞ্চায়েতে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। পঞ্চায়েতের মূল গেটে ঝুলছিল তালা।

ফলে কার্যত বন্ধ হয়ে পড়ে সমস্ত প্রশাসনিক কাজকর্ম। সাধারণ মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। এলাকার বাসিন্দাদের দাবি, জন্ম-মৃত্যু শংসাপত্র থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের নথিপত্র সংক্রান্ত কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল।

এই পরিস্থিতির খবর পেয়েই বুধবার দুপুরে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার। এদিন পঞ্চায়েতে পৌঁছে তালাবদ্ধ অবস্থার তীব্র প্রতিবাদ জানান তিনি।

বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতিতে পঞ্চায়েতের গেটের তালা ভেঙে পুনরায় পঞ্চায়েতের স্বাভাবিক কাজকর্ম চালুর উদ্যোগ নেওয়া হয়।

ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বহু সাধারণ মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশও মোতায়েন করা হয়। দীপক কুমার হালদার এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন, নির্বাচনের ফল ঘোষণার পর পরিকল্পিতভাবে এই অচলাবস্থা তৈরি করা হয়েছে।

তাঁর দাবি, তৃণমূল ও সিপিএমের কিছু কর্মী মাথায় গেরুয়া ফেট্টি বেঁধে এবং গেরুয়া আবির মেখে নিজেদের বিজেপি কর্মী পরিচয় দিয়ে এই অপকর্ম ঘটিয়েছে। উদ্দেশ্য ছিল বিজেপির ভাবমূর্তি নষ্ট করা এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা।

তিনি বলেন, “নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এলাকায় অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে সাধারণ মানুষের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে বিজেপির উপর।

আমরা গোটা বিষয়টি পুলিশ প্রশাসনের কাছে জানিয়েছি। মানুষের স্বার্থে আজ আমরা তালা খুলে দিয়ে পঞ্চায়েতকে সচল করার উদ্যোগ নিয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − thirteen =