নামখানায় বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ, মারধর করে নদীতে ফেলে দেওয়ার দাবি – তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নামখানা :: শনিবার ১৬,মে :: নামখানায় এক বিজেপি কর্মীর উপর হামলাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করার পর নদীতে ফেলে দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় অভিযোগের তির উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে।

যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল দলের স্থানীয় নেতৃত্ব। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং একজনকে আটকও করা হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, আহত বিজেপি কর্মীর নাম তারাশঙ্কর পড়ুয়া। অভিযোগ, গতকাল রাতে তিনি নামখানার নারায়ণপুর ঘাট এলাকায় গিয়েছিলেন।

সেই সময় কয়েকজন দুষ্কৃতি তাকে ঘিরে ধরে হামলা চালায় বলে অভিযোগ। বিজেপির দাবি, হামলাকারীরা তৃণমূল আশ্রিত এবং পরিকল্পিতভাবে এই আক্রমণ চালানো হয়েছে। প্রথমে তারাশঙ্কর পড়ুয়াকে মারধর করা হয় এবং পরে গুরুতর আহত অবস্থায় তাকে নদীতে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।

ঘটনার পর স্থানীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, নদীতে পড়ে যাওয়ার পর একটি ছোট ডিঙি নৌকা থেকে আহত যুবককে দেখতে পাওয়া যায়। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নামেন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং পরে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এলাকায় রাজনৈতিক সন্ত্রাস কায়েম করতেই এই হামলা চালানো হয়েছে।

ইতিমধ্যেই কাকদ্বীপ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। হামলার নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 19 =