নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: শনিবার ১৬,মে :: দীর্ঘদিনের একাধিক গুরুতর অভিযোগের পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন রায়গঞ্জ পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিদায়ী পুরপ্রতিনিধি অভিজিৎ সাহা।
মারধর, যৌন হেনস্থা, দোকানঘর জবরদখল, ভয়ভীতি প্রদর্শন এবং এলাকায় অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগে দেবীনগরের বাড়ি থেকে তাঁকে আটক করে রায়গঞ্জ থানার পুলিশ। টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার দেখানো হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করেছিলেন অভিজিৎ সাহা।
জমি ও দোকানঘর দখলের চেষ্টা, সাধারণ মানুষকে হুমকি দেওয়া, অসামাজিক যুবকদের নিয়ে প্রকাশ্যে দাপিয়ে বেড়ানো এবং প্রতিবাদীদের চুপ করিয়ে দেওয়ার অভিযোগ বহুদিনের।
অনেকের দাবি, ক্ষমতার ছত্রছায়ায় এতদিন তাঁর বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাননি কেউ। সরকার পরিবর্তনের পর পরিস্থিতি বদলাতেই একে একে সামনে আসতে শুরু করেছে বিস্ফোরক অভিযোগ। একাধিক স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
অভিযোগের তালিকায় রয়েছে মহিলাদের হেনস্থা থেকে শুরু করে ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে সম্পত্তি দখলের চেষ্টার মতো গুরুতর বিষয়। এই গ্রেফতারিতে এলাকায় স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে। স্থানীয়দের একাংশের বক্তব্য, “অনেকদিন ধরেই এই পদক্ষেপের অপেক্ষায় ছিল মানুষ।
অবশেষে আইন নিজের পথে চলতে শুরু করেছে। তবে প্রশ্ন উঠেছে শুধু অভিজিৎ কেন? রায়গঞ্জের প্রায় প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরদের বিরুদ্ধেই এমন ভুরিভুরি অভিযোগ আছে জনগণের।
শুধু তাই নয়, এই দুর্নীতির পিছনে প্রত্যক্ষ মদদ ছিল চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন নেতৃবৃন্দের” পুলিশ সূত্রে জানা যায় অভিযোগগুলির গুরুত্ব অত্যন্ত বেশি। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে পূর্ণাঙ্গ তদন্ত চালানো হচ্ছে।
প্রয়োজনে আরও বড় তথ্য সামনে আসতে পারে বলেও তদন্তকারীদের অনুমান। ঘটনায় রায়গঞ্জ শহরজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ত্রাহি ত্রাহি রব তৃণমূল শিবিরে।

