আসানসোলে কাটমানি তোলার অভিযোগে তৃণমূল শ্রমিক নেতা রাজু আহলুওয়ালিয়া গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: সোমবার ১৯,মে :: বাস, অটো ও টোটো স্ট্যান্ড থেকে অবৈধ টাকা আদায়ের অভিযোগ; আসানসোল আদালতে পেশ, অভিযোগ অস্বীকার নেতার ।

পশ্চিম বর্ধমানের আসানসোলে কাটমানি ও অবৈধ টাকা তোলার অভিযোগে তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা রাজু আহলুওয়ালিয়াকে গ্রেফতার করল আসানসোল সাউথ থানার পুলিশ।

অভিযোগ, বাস, অটো এবং টোটো স্ট্যান্ড থেকে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে কাটমানি আদায় করা হচ্ছিল। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। গ্রেফতারের পর রাজু আহলুওয়ালিয়াকে আসানসোল জেলা আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং তদন্তে যে সমস্ত তথ্য ও প্রমাণ সামনে আসবে, তার ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন রাজু আহলুওয়ালিয়া।

তাঁর অভিযোগ, রাজনৈতিক ষড়যন্ত্র করেই তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি বলেন, বরাবরই তিনি কাটমানি ও অবৈধ টাকা তোলার বিরুদ্ধে সরব ছিলেন, আর সেই কারণেই তাঁকে টার্গেট করা হয়েছে।

রাজু আহলুওয়ালিয়া আরও বলেন, আদালতের উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। আদালত যে রায় দেবে, তিনি তা মেনে নেবেন। এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোলের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =