সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: সোমবার ১৯,মে :: বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে কাকার ছেলেকে গলা কেটে খুনের অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার শংকরপুর এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আলাউদ্দিন গাজী। পরিবারের দাবি, শনিবার সকালে স্ত্রীর সঙ্গে কাপড়ের ব্যবসার কাজে বেরোন আলাউদ্দিন। রাতে স্ত্রী বাড়ি ফিরে এলেও স্বামী না ফেরায় খোঁজ শুরু করে পরিবার।
শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ শংকরপুর গ্রামের বড় দুর্গা এলাকার মাঠ থেকে গলাকাটা অবস্থায় আলাউদ্দিনের মৃতদেহ উদ্ধার হয়।
তদন্তে নেমে পুলিশ মৃতের কাকার ছেলে আশিক গাজীকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরেই আশিকের সঙ্গে মৃতের স্ত্রী নাজিরা বিবির বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এ নিয়ে পরিবারে অশান্তি চলছিল।
পুলিশ সূত্রে আরও খবর, মৃত আলাউদ্দিন নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে মারধর করতেন বলে অভিযোগ। সেই সুযোগে বৌদি নাজিরার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে আশিকের। বিষয়টি জানাজানি হওয়ায় দাদাকে খুনের পরিকল্পনা করে আশিক।
তদন্তে উঠে এসেছে, শনিবার সন্ধ্যায় আলাউদ্দিন নিজেই ফাঁকা নির্জন মাঠে নেশা করার জন্য আশিককে ফোন করে ডাকেন। অভিযোগ, আগে থেকেই পাশের গ্রামে ছুরি জোগাড় করে রেখেছিল আশিক। আলাউদ্দিনের ফোন পেয়ে সে ছুরি নিয়ে নির্জন মাঠে লুকিয়ে রাখে।
পুলিশের জেরায় ধৃত আশিক জানিয়েছে, আলাউদ্দিন নেশার সামগ্রী তৈরি করার সময় বাথরুমে যাওয়ার নাম করে ছুরি নিয়ে এসে পিছন দিক থেকে গলায় বসিয়ে দেয়। মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ছুরি চেপে ধরে রাখে সে।
ধৃত আশিকের সঙ্গে আর কেউ ছিল কি না, খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে রবিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ময়নাতদন্তের পর মৃতদেহ আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় পরে পুলিশ মৃতের স্ত্রী নাজিরা বিবি ও ধৃত আশিকের বাবা ইশা হক গাজীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

