বৈধ কাগজে লোহাপুরে পশুহাট চালু – বন্ধ অধিকাংশ হাট—কুরবানির আগে চাপে ব্যবসায়ীরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: লোহাপুর(বীরভূম) :: মঙ্গলবার ১৯,মে :: বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে প্রশাসনিক কড়াকড়ির জেরে একের পর এক পশুহাট বন্ধ হয়ে পড়লেও, ব্যতিক্রমী নজির তৈরি করল লোহাপুরের কাঁটাগড়িয়া মোড়ের পশুহাট।

সোমবার বৈধ কাগজপত্রের ভিত্তিতে সেখানে নিয়ম মেনেই হাট বসে এবং অবাধে পশু কেনাবেচা হয়। ফলে পুলিশ বা প্রশাসনের তরফে কোনও বাধা দেওয়া হয়নি। এতে লাইসেন্সধারী ব্যবসায়ীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তাঁদের আশা, আগামী দিনেও একইভাবে হাট চালানো সম্ভব হবে।

তবে জেলার সামগ্রিক চিত্র একেবারেই ভিন্ন। নতুন প্রশাসনের নির্দেশে অবৈধ পশু ব্যবসার বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হয়েছে।

এর জেরে বৈধ নথিপত্র না থাকায় অনেক ব্যবসায়ী রাস্তাতেই আটকে পড়ছেন বলে অভিযোগ উঠছে। ইতিমধ্যে আতঙ্কে বহু ব্যবসায়ী পশু কেনাবেচা বন্ধ করে দিয়েছেন, যার ফলে জেলার অধিকাংশ পশুহাট কার্যত স্তব্ধ।

গত শনিবার সিউড়ির সুখবাজার, ইলামবাজার এবং সাঁইথিয়ার পশুহাট বসেনি। একইভাবে রবিবার নলহাটির গোপালপুর হাটও বন্ধ ছিল।

এছাড়াও সাঁইথিয়া, ইলামবাজার, রামপুরহাট, নলহাটি গোপালপুর ও মুরারইয়ের হিয়াতনগরসহ একাধিক গুরুত্বপূর্ণ হাটে কোরবানির আগে ব্যাপক পশু কেনাবেচা হয়ে থাকে। কিন্তু চলতি পরিস্থিতিতে সেই বাণিজ্য কার্যত ধাক্কা খেয়েছে।

ব্যবসায়ীদের দাবি, কোরবানির বাজারকে সামনে রেখে তারা আগেভাগেই কম দামে বহু পশু কিনে রেখেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই পশু বিক্রি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এর পাশাপাশি ১৪ বছরের কম বয়সী পশু জবাই নিষিদ্ধ এবং গরু জবাই সংক্রান্ত নির্দেশ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। তাঁদের প্রশ্ন, দীর্ঘদিন ধরে পশু লালন-পালন করে রাখা বাস্তবসম্মত নয়।

অন্যদিকে, মুসলিম সম্প্রদায়ের একাংশ ভিন্ন মত পোষণ করেছেন। তাঁদের বক্তব্য, কোরবানি মানেই গরু নয়—ধর্মীয় নিয়ম অনুযায়ী দুম্বা বা অন্যান্য পশুও কোরবানিতে ব্যবহার করা যেতে পারে। কোরবানির মূল ভাবনা আত্মত্যাগ, সেটিকে ভুলভাবে ব্যাখ্যা না করার আবেদন জানিয়েছেন তাঁরা।

সব মিলিয়ে কোরবানির আগে পশুহাটের এই অনিশ্চয়তা ব্যবসায়ী থেকে ক্রেতা—সবার মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 17 =