নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ২২,মে :: সন্ত্রাস ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি। শোরগোল দুর্গাপুর ফরিদপুরের লাউদোহা এলাকায়। ধৃত ব্যক্তির নাম শেখ ওয়াসুল। তিনি দুর্গাপুর ফরিদপুর ব্লকের রাঙামাটি এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই শেখ ওয়াসুলের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ জমা পড়ছিল। অভিযোগ, কখনও চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছে, আবার কখনও ভয় দেখিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করা হয়েছে।

ধৃত ব্যক্তির নাম শেখ ওয়াসুল
এলাকায় তার বিরুদ্ধে সন্ত্রাস তৈরির অভিযোগও ছিল বলে জানা গেছে। এছাড়াও বিধানসভা নির্বাচনের আবহে ভোটারদের প্রভাবিত করা এবং চাপ সৃষ্টি করার মতো অভিযোগও সামনে আসে।
স্থানীয় সূত্রে খবর, নির্বাচন পূর্ববর্তী সময়ে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং বেশ কয়েকজন বাসিন্দা পুলিশের কাছে অভিযোগ জানান।রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন জেলায় তৃণমূলের নেতা কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করেছে পুলিশ।
ইতিমধ্যেই রাজ্যের একাধিক প্রান্ত থেকে তৃণমূলের বহু নেতা ও নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তারই মধ্যে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ শেখ ওয়াসুলকে গ্রেপ্তার করে। শুক্রবার সকালে ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।

