নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২৪,মে :: দিল্লিতে রহস্যজনক মৃত্যু মালদার হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিকের। খুনের অভিযোগ পরিবারের। ময়নাতদন্ত না করেই গোপনভাবে কফিনবন্দি দেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামে পাঠিয়ে দেওয়ার অভিযোগ পরিবারের।
মৃত যুবকের নাম সেখ উজ্জল (২৪)। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রামশিমূল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,যুবক ১০ দিন আগে দিল্লিতে কাজ করতে যায়। ভপুরা এলাকায় গ্রামের বাসিন্দা সমবুল হকের কারখানায় প্লাস্টিক ছাঁটাইয়ের কাজ করছিলেন।
গত বৃহস্পতিবার বিকেলে কারখানায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গ্রামে খবর পৌঁছাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কান্নায় ভেঙে পড়ে পরিবার। অভিযোগ, যুবককে কেউ বা কারা মারধর করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। যুবকের শরীরে কালশিটে দাগ রয়েছে। হাতে দড়ি দিয়ে বেঁধে রাখার চিহ্ন রয়েছে।
কারখানা মালিক দেহটি ময়নাতদন্ত না করিয়ে গোপনভাবে গ্রামে দেহটি পাঠিয়ে দেয়। যুবকের রহস্যজনক মৃত্যুতে খুনের অভিযোগ তুলেছেন মৃতের স্ত্রী রুকসানা বিবি।

