নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: বুধবার ২৭,মে :: মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ পূর্ব বর্ধমান জেলার মেমারির শিমলা এলাকা। বছর ৩০-এর সুজাতা মুর্মুর অকাল প্রয়াণে এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
জানা গিয়েছে, বুধবার এলাকায় বৃষ্টি হচ্ছিল। সেই সময় কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে ছিলেন সুজাতা মুর্মু। আচমকাই ভয়াবহ বজ্রপাত হয়। সেই বজ্রপাতের আঘাতে গুরুতরভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
ঘটনাটি দেখতে পেয়ে তড়িঘড়ি এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং দ্রুত উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে যান। তবে সমস্ত চেষ্টা ব্যর্থ করে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি নিজেদের হেফাজতে নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য দেহটি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অকাল এই মৃত্যুর ঘটনায় পরিবার-পরিজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে গোটা এলাকা। প্রাকৃতিক দুর্যোগের এই নির্মম ঘটনায় শোক প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও।

