নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাটোয়া :: বৃহস্পতিবার ২৮,মে :: পূর্ব বর্ধমানের কাটোয়ায় একটি ভারত পেট্রোলিয়াম পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার পর একাধিক গাড়ি বিকল হয়ে পড়ায় তীব্র উত্তেজনা ছড়ায় বুধবার রাতে। ক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, পেট্রোলের সঙ্গে জল মেশানো হয়েছিল।
বিক্ষোভের মুখে আপাতত পাম্পে সাধারণ পেট্রোল তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পাম্প থেকে তেল নেওয়ার কিছুক্ষণের মধ্যেই মোটরসাইকেল বন্ধ হয়ে যায় একাধিক গ্রাহকের।
মেকানিকরা মোটরবাইক পরীক্ষা করে ট্যাঙ্কে জল থাকার দাবি করেন। এরপর গ্রাহকরা পাম্পে বিক্ষোভ দেখান।
অভিযোগ অস্বীকার করে পাম্প কর্তৃপক্ষ জানায়, পেট্রোলে মেশানো ইথানলের কারণে ‘ফেজ সেপারেশন’-এর জেরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের দাবি, এটি জল নয়, ইথানলের রাসায়নিক প্রতিক্রিয়া।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তেলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পাম্পে নরমাল পেট্রোল বিক্রি বন্ধ থাকবে ও স্পিড পেট্রোল দেওয়া চালু থাকবে বলে কতৃপক্ষ জানিয়েছে।

