সামার ক্যাম্পে সুইমিং পুলে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের – শোকস্তব্ধ আসানসোল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বৃহস্পতিবার ২৮,মে :: গরমের ছুটিতে সামার ক্যাম্পে অংশ নিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির ছাত্র আদ্রিক হিলিরিয়ানের। আসানসোলের একটি বেসরকারি স্কুলের সামার ক্যাম্প চলাকালীন সুইমিং পুলে ডুবে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শোকের ছায়া নেমে এসেছে মৃত ছাত্রের পরিবার এবং স্কুল মহলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেন্ট ভিনসেন্ট  স্কুলের উদ্যোগে আয়োজিত সামার ক্যাম্পে সাঁতার শেখানোর বিশেষ ব্যবস্থা ছিল। বুধবার সকালে অন্যান্য পড়ুয়াদের সঙ্গে সুইমিং সেশনে অংশ নেয় আদ্রিক।অভিযোগ, সেই সময়ই আচমকা জলের নিচে তলিয়ে যায় সে। বেশ কিছুক্ষণ পর তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়।

তড়িঘড়ি তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জলে ডুবে শ্বাসরোধের কারণেই মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় জমায় পরিবারের সদস্য এবং আত্মীয়রা। একমাত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা-মা। পরিবারের অভিযোগ, সুইমিং পুলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না।

সেখানে পর্যাপ্ত লাইফগার্ড বা প্রশিক্ষক উপস্থিত থাকলে এই দুর্ঘটনা এড়ানো যেত বলেও দাবি পরিবারের।

অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ অধ্যক্ষ রবি ভিক্টর জানিয়েছেন, সমস্ত নিরাপত্তা বিধি মেনেই সামার ক্যাম্প পরিচালিত হচ্ছিল। ঘটনার পর দ্রুত ছাত্রকে হাসপাতালে পাঠানো হয় এবং পুরো বিষয়টি নিয়ে তদন্তে সহযোগিতা করা হচ্ছে বলেও জানিয়েছে স্কুল।

ঘটনার জেরে এলাকায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। অভিভাবকদের একাংশ প্রশ্ন তুলেছেন, ছোট পড়ুয়াদের জন্য আয়োজিত সাঁতার প্রশিক্ষণে কতটা নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল। অনেকেই ভবিষ্যতে এই ধরনের ক্যাম্পে কঠোর নিরাপত্তা প্রোটোকল চালুর দাবি জানিয়েছেন।

পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষ, প্রশিক্ষক এবং উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বলা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

সহপাঠীর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকরা। বৃহস্পতিবার স্কুলে শোকসভা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =