সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বৃহস্পতিবার ২৮,মে :: ঈদের উৎসব মানেই বাড়তি ভিড়, আর সেই ভিড়ের মাঝেই পথ নিরাপত্তায় কোনওরকম ঝুঁকি নিতে নারাজ পুলিশ প্রশাসন।
কোচবিহার জেলা পুলিশের নির্দেশে দিনহাটা ২ নং ব্লকের বিভিন্ন এলাকায় বিশেষ চেকিং অভিযান চালাল সাহেবগঞ্জ থানার ট্রাফিক পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক ওসি দেবাশীষ রায়।
এদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তায় নাকা চেকিং চালিয়ে বাইক আরোহীদের থামিয়ে তল্লাশি করা হয়। মূলত বিনা হেলমেটে বাইক চালানো, বেপরোয়া গতি এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে কড়া অভিযান চালায় ট্রাফিক পুলিশ। পাশাপাশি গাড়ির প্রয়োজনীয় নথিপত্র ও নিরাপত্তা বিধিও খতিয়ে দেখা হয়।
ট্রাফিক ওসি দেবাশীষ রায় জানান, পথ দুর্ঘটনা রুখতে এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই জেলা পুলিশের নির্দেশে এই বিশেষ অভিযান চলছে। উৎসবের আনন্দ যাতে কোনও দুর্ঘটনায় ম্লান না হয়, সেদিকেই বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানান তিনি।

