সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২৮,মে :: তৃণমূল নেতার ছেলেকে ঘিরে এক মহিলার সঙ্গে সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে সোমবার রাতে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
অভিযোগ,ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের হোটেল ও গাড়িতে ভাঙচুর চালায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে আচমকাই এলাকায় উত্তেজনা তৈরি হয়। অভিযোগ তুলে একদল লোক অভিযুক্তের হোটেলে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।
পরে হোটেলের কিছু অংশে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।পাশাপাশি বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযুক্ত যুবক তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ছেলে বলে জানা গিয়েছে।
ঘটনার পর রফিকুল ইসলাম দাবি করেন,পুরো বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসার জেরে ঘটানো হয়েছে।তাঁর বক্তব্য,“এখন আমাদের সময় খারাপ। সময় ভালো আসলে সব দেখা যাবে।” ঘটনার জেরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে রাত পর্যন্ত কোনও পক্ষের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

