নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খণ্ডঘোষ :: শনিবার ৩০,মে :: বিজেপির বিজয় মিছিলে বুলডোজার। দুর্নীতির বিরুদ্ধে জনতার ক্ষোভের প্রতিফলন।পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য “বিজয় মিছিল।
খণ্ডঘোষের ৫ নম্বর মণ্ডলের সভাপতি কৌশিক আশের উদ্যোগে আয়োজিত এই মিছিলকে ঘিরে সকাল থেকেই এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়। আমিলা বাজার থেকে বুলডোজার ও দলীয় পতাকা নিয়ে মিছিলের সূচনা হয়।
এরপর বর্ধমান-আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়ক ধরে দীর্ঘ পথ অতিক্রম করে মিছিলটি পৌঁছায় সেহারাবাজার এলাকায়। মিছিলে অংশ নেন বিজেপির বহু কর্মী-সমর্থক, যুবক-যুবতী ও সাধারণ মানুষ। গোটা পথজুড়ে স্লোগান, ঢাক-ঢোল এবং উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে এলাকা।
এই বিজয় যাত্রাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিজেপি নেতৃত্বদের দাবি, “দীর্ঘদিন পর রাজ্যের মানুষ প্রকৃত মুক্তির স্বাদ পেয়েছেন।
মানুষ নতুন করে স্বাধীনতার অনুভূতি অর্জন করেছেন বলেই তারা স্বতঃস্ফূর্তভাবে এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছেন।”
মিছিলে বুলডোজারের ব্যবহার নিয়ে প্রশ্ন উঠলে বিজেপি নেতৃত্বরা জানান, “সাধারণ মানুষ বুলডোজার দেখে ভয় পাচ্ছেন না, বরং তারা খুশি হচ্ছেন।
ভয় পাচ্ছে তারা, যারা দীর্ঘদিন ধরে অপশাসন, দুর্নীতি, গরিব মানুষের উপর অত্যাচার ও পঞ্চায়েত লুটের রাজনীতি করেছে। এই বুলডোজার দুর্নীতি ও অপশাসনের প্রতীকী জঞ্জাল সরানোর বার্তা দিচ্ছে।”

