জাল ইমিগ্রেশন স্ট্যাম্পে নেপাল পালানোর ছক! পানিট্যাংকি সীমান্তে ধৃত ২ থাই মহিলা, তদন্তে আন্তর্জাতিক চক্রের যোগ

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ৩০,মে :: শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির পানিট্যাংকি সংলগ্ন ইন্দো-নেপাল সীমান্তে ধরা পড়ল জাল ইমিগ্রেশন স্ট্যাম্প কাণ্ড। ভুয়ো ‘এক্সিট স্ট্যাম্প’ ব্যবহার করে ভারত ছেড়ে নেপালে পালানোর চেষ্টা করতে গিয়ে এসএসবির জালে ধরা পড়লেন দুই থাই মহিলা।

ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারীদের অনুমান, দীর্ঘদিন ধরেই সীমান্তে সক্রিয় রয়েছে জাল সরকারি সিল তৈরির একটি চক্র।

এসএসবি সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে একটি চারচাকা গাড়িতে করে ভারত থেকে নেপালে যাওয়ার জন্য সীমান্তে পৌঁছন ওই দুই মহিলা।টহলরত এসএসবি জওয়ানদের সন্দেহ হয় তাঁদের পাসপোর্টে থাকা ভারতীয় ইমিগ্রেশনের ‘এক্সিট স্ট্যাম্প’ দেখে। জিজ্ঞাসাবাদ শুরু হতেই গাড়িচালক আচমকা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাতেই সন্দেহ আরও বাড়ে।

পরে ইমিগ্রেশন দফতরের সঙ্গে তথ্য মিলিয়ে দেখা যায়, ওই নামে কোনও এক্সিট স্ট্যাম্প ইস্যুই করা হয়নি। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর দুই মহিলা স্বীকার করেন, তাঁদের পাসপোর্টে থাকা স্ট্যাম্প ভুয়ো। ধৃতদের নাম পিমচানোক কেটলা ও চিনতারা বুদ্ধাফং। দু’জনেই থাইল্যান্ডের বাসিন্দা।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত বছরের জুলাই মাস থেকে মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে ভারতে বসবাস করছিলেন তাঁরা। দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে জাল এক্সিট স্ট্যাম্প ব্যবহার করে নেপালে পালানোর পরিকল্পনা ছিল বলে দাবি তদন্তকারীদের।

দিনভর জিজ্ঞাসাবাদের পর সরকারি নিরাপত্তা সিল জাল করা এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে দুই মহিলাকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি।

শুক্রবার তাঁদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। পাশাপাশি, এই জাল স্ট্যাম্প চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =