সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: সোমবার ১,জুন :: দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকে সুন্দরবন দপ্তরের সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণ সামগ্রী বেআইনিভাবে মজুত ও আত্মসাতের অভিযোগে তদন্তে নেমে ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে সাগর থানার পুলিশ।
ধৃতদের মধ্যে রয়েছেন সাগর পঞ্চায়েত সমিতির এক তৃণমূল সদস্য। ঘটনায় আরও দুইজনের নাম উঠে এসেছে, যারা বর্তমানে পলাতক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাদের খোঁজে শুরু হয়েছে জোরদার তল্লাশি। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর।
পুলিশ সূত্রে খবর, সুন্দরবন দপ্তরের পক্ষ থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে সাগর থানার পুলিশ।
তদন্ত চলাকালীন বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে পুলিশ জানতে পারে, সরকারি ত্রাণ সামগ্রীর একটি অংশ বেআইনিভাবে মজুত করা হয়েছে এবং তা সাধারণ মানুষের হাতে না পৌঁছে নির্দিষ্ট কিছু ব্যক্তির দখলে রয়েছে। এরপর গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে একাধিক জায়গায় অভিযান চালায় পুলিশ।
অভিযানে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে রয়েছেন সাগর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য বুদ্ধদেব গাওনিয়া। পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কর্মী বিপ্লব মণ্ডল, সত্যজিৎ ঢালী ও ভূপতি মাইতিকে।
পুলিশ সূত্রে দাবি, ধৃতদের বিরুদ্ধে সরকারি ত্রাণ সামগ্রী চুরি ও আত্মসাতের অভিযোগ রয়েছে। এই ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তকারী পুলিশ আধিকারিকদের অনুমান, এই ঘটনায় শুধু ধৃত চারজনই নয়, আরও কয়েকজন ব্যক্তি জড়িত থাকতে পারেন।
ইতিমধ্যেই আরও দুই অভিযুক্তের নাম উঠে এসেছে, যারা বর্তমানে পলাতক। তাদের সম্ভাব্য অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করছে পুলিশ। সাগর ব্লকের বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হচ্ছে এবং দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে বলেই পুলিশের দাবি।

