নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা ব্যুরো :: মঙ্গলবার ২,জুন :: রানি রাসমণি অ্যাভিনিউতে অনুমতি না মেলায় ওয়াই চ্যানেলে ধর্না করা নিয়ে ক্ষুব্ধ তৃণমূলনেত্রী পুলিশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
তবে পুলিশের উদ্দেশে তিনি জানান, “আমি জানি পুলিশ চেয়ারের কথা শোনে, তাই পুলিশকে আমি দোষ দিচ্ছি না।” যদিও তাঁর হুঁশিয়ারি, ধর্নায় কাউকে বাধা দেওয়া হলে লালবাজার থেকে নবান্ন— সব ঘেরাও করা হবে।
মঙ্গলবার দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ধর্নার অনুমতি মিলেছিল। তৃণমূলের শীর্ষ নেতাদের উপস্থিতি ও কর্মী-সমর্থকদের ভিড়ে ওয়াই চ্যানেল এদিন সরগরম হয়ে ওঠে। একদিকে দলের অন্দরে বিধায়কদের অনুপস্থিতি ও নানা বিড়ম্বনার আবহে, মমতার এই রাজনৈতিক কর্মসূচি ।
ধর্নামঞ্চ থেকে হুঙ্কার দিয়ে মমতা বলেন, “জিয়েঙ্গে তো বিজেপি কো হাটায়েঙ্গে ।” তাঁর অভিযোগ, দিল্লি থেকে কলকাঠি নেড়ে তৃণমূলকে ভেঙে ফেলার চক্রান্ত চলছে। ইডি ও সিবিআই-এর ভয় দেখিয়ে তৃণমূলের বিধায়ক ও সাংসদদের বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।
এদিন রেড রোডে অম্বেডকরের মূর্তিতে মাল্যদান করার পর তিনি সোজা চলে যান ধর্নামঞ্চে। সেখান থেকে কেন্দ্র ও বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে মমতা স্পষ্ট জানিয়ে দেন, যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন তিনি মাথা নত করবেন না।

