সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ২,জুন :: রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিলেন বিদ্রোহী নেতা ঋতব্রত। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি শুধু বলেন, “কাল কী করব, তা কালই দেখবেন।” তাঁর এই সংক্ষিপ্ত মন্তব্য ঘিরেই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
প্রশ্ন উঠছে, বুধবার কি তবে বিধানসভার অন্দরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে চলেছে তথাকথিত ‘নতুন তৃণমূল’? গত কয়েকদিন ধরেই শাসক শিবিরে ভাঙনের খবর নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। ঋতব্রতের নেতৃত্বে একাধিক বিধায়ক দলত্যাগের পথে হাঁটছেন বলে দাবি করা হয়েছে।
সূত্রের খবর, প্রায় ৫০ জনেরও বেশি বিধায়ক নতুন রাজনৈতিক গোষ্ঠীর পক্ষে সমর্থন জানিয়েছেন এবং সেই তালিকা বিধানসভার স্পিকারের কাছে জমা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যদি এই বিধায়করা আনুষ্ঠানিকভাবে পৃথক গোষ্ঠী গঠনের দাবি জানান, তাহলে রাজ্যের বিরোধী রাজনীতির সমীকরণও বদলে যেতে পারে।

ইতিমধ্যেই নতুন গোষ্ঠীর পক্ষ থেকে নিজেদের বিধানসভার প্রধান বিরোধী শক্তি হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তোলার ইঙ্গিত মিলেছে। এদিকে, তৃণমূল দলের অন্দরে ক্ষয় রোধে তৎপর মমতা । বিদ্রোহীদের ফেরাতে একাধিক দফায় আলোচনা চলছে বলে দলীয় সূত্রের দাবি।
কালীঘাটে শীর্ষ নেতৃত্বের বৈঠকও রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে বিদ্রোহী শিবির এখনও নিজেদের অবস্থানে অনড় বলেই খবর।
ঋতব্রতের মন্তব্যের পর থেকেই বিধানসভা চত্বরে নিরাপত্তা বাড়ানোর বিষয়টি নিয়েও আলোচনা শুরু হয়েছে। বুধবারের অধিবেশনকে ঘিরে নজিরবিহীন রাজনৈতিক নাটকের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কেউই।
যদিও নতুন দল গঠনের বিষয়ে সরাসরি মুখ খোলেননি ঋতব্রত, তবু তাঁর রহস্যময় মন্তব্যে রাজনৈতিক মহলের কৌতূহল আরও বেড়েছে।
এখন নজর বুধবারের দিকে। সত্যিই কি বিধানসভার মেঝেতে জন্ম নেবে ‘নতুন তৃণমূল’? নাকি শেষ মুহূর্তে বদলে যাবে রাজনৈতিক অঙ্ক? উত্তর মিলবে আগামীকালই।

