নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধুবুলিয়া :: বুধবার ৩,জুন :: লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বড়সড় দুর্ণীতির হদিস মিলল এবার কৃষ্ণনগর ২ নম্বর ব্লকে।
খোদ রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্বল বিশ্বাসের বিধানসভা কেন্দ্র ধুবুলিয়ায়। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা তালিকায় ১৭৩ জন পুরুষের নাম জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্য জুড়ে।
ইতিমধ্যেই তাদের চিহ্নিত করে উপভোক্তা তালিকা থেকে নাম বাতিলের জন্য জেলাশাসকের কাছে আবেদন জানিয়েছেন কৃষ্ণনগর ২ ব্লকের বিডিও। জানা গিয়েছে রাজ্যের পালা বদলের পর থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকে অন্নপূর্ণা ভাণ্ডারে পরিবর্তন করতে কাজ শুরু করেছে জেলা প্রশাসন।
এরপরই নজর আসে বেআইনিভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা তালিকায় পুরুষদের নাম। জানা গিয়েছে শুধুমাত্র কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ২ ব্লক তথা প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বিধানসভা এলাকায় ১৭৩ জন পুরুষ লক্ষ্মীর হদিস মিলেছে।
জানা গিয়েছে গত ফেব্রুয়ারি মাস থেকেই এই নাম গুলো লক্ষ্মী ভাণ্ডার উপভোক্তা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এবং তাদের অ্যাকাউন্টে টাকাও পাঠানো হয়েছে। এই কাজ করেছেন বিডিও অফিসের কর্মী ভোলা শীল। যদিও তাকে ইতিপূর্বে বিডিও অফিস থেকে শোকজ করা হয়েছে।
এ বিষয়ে নদিয়ার জেলাশাসক শ্রীকান্ত পল্লী জানান, ইতিমধ্যেই ভোলা শীল নামে ওই কর্মীকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। যে সমস্ত একাউন্টে লক্ষ্মীর ভান্ডার ঢুকতো প্রত্যেকটি ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। আমরা অফিসিয়ালি তদন্ত করছি, এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
যদিও ঘটনার পর থেকে বেপাত্তা ভোলা শীল নিজে। তার পরিবারের লোক জানিয়েছে সে চিকিৎসার জন্য কলকাতায় ডাক্তার দেখাতে গেছে।

