নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চোপরা :: শুক্রবার ৫,জুন :: বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে এবং গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার চোপড়া থানার দাসপাড়া পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব ও কর্মীরা।
উল্লেখ্য ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের কোটগছ এলাকায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে গ্রামের কয়েকজন যুবক তথা বিজেপি কর্মী-সমর্থক রাস্তা দিয়ে যাচ্ছিলেন।
অভিযোগ, সেই সময় আচমকা ২৫ থেকে ৩০ জনের একটি সশস্ত্র তৃণমূল বাহিনী তাঁদের ওপর চড়াও হয়। এই অতর্কিত হামলায় বেশ কয়েকজন বিজেপি কর্মী গুরুতর আহত হয় । আহতদের মধ্যে বিজেপির ৩ নম্বর মন্ডল সভাপতি প্রদীপ রায়ের ছেলেও রয়েছেন বলে জানা গেছে।
দাসপাড়া পুলিশ ফাঁড়ির বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সহ-সভাপতি অসীম বর্মন।
প্রশাসনের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, আমরা আজ ফাঁড়ির ইনচার্জকে পরিষ্কার বলে এসেছি, যারাই এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন।
তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে অসীম বাবু বলেন, ৪ তারিখ ফলাফল ঘোষণার পর ভারতীয় জনতা পার্টির জামানা শুরু।
টিএমসির যারা গুন্ডাবাহিনী, ক্রিমিনাল বাহিনী, তারা ভুলে যাচ্ছে যে গত ১৫ বছর ধরে যা করেছে এখন এই সন্ত্রাস আর টিকবে না, ওদের দিন শেষ। যারা সন্ত্রাস সৃষ্টি করছে, তাদের প্রত্যেকের ১৫ বছরের হিসাব নেওয়া হবে।

