সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ৭,জুন :: সম্প্রতি বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান অশোক ভট্টাচার্য। চিকিৎসকদের পরামর্শে তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।
আমরা সংবাদ প্রবাহ গতকাল তাঁর এই আঘাত নিয়ে খবর করি, আর আজ তাঁর বয়স ও আঘাতের প্রকৃতি বিবেচনায় চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। যদিও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং চিকিৎসায় ইতিবাচক সাড়া মিলছে।
রবিবার শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ নার্সিংহোমে গিয়ে প্রবীণ বাম নেতার সঙ্গে দেখা করেন। দীর্ঘদিনের রাজনৈতিক মতভেদ থাকলেও অশোক ভট্টাচার্যকে তিনি নিজের রাজনৈতিক ‘গুরু’ বলে উল্লেখ করেছেন বলে খবর। সাক্ষাতের সময় তাঁর স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন শঙ্কর।
নার্সিংহোমে অবস্থানকালে শঙ্কর ঘোষের মাধ্যমেই মুখ্যমন্ত্রীর সঙ্গে অশোক ভট্টাচার্যের ফোনে কথা হয়। মুখ্যমন্ত্রী তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান। অশোক ভট্টাচার্যও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে ।
অশোক ভট্টাচার্যের অসুস্থতার খবরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে এক প্রবীণ নেতার সুস্থতা কামনায় মুখ্যমন্ত্রী ও বিরোধী শিবিরের প্রতিনিধিদের এই উদ্যোগকে ইতিবাচক বার্তা হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।
চিকিৎসকরা জানিয়েছেন, আগামী কয়েকদিন পর্যবেক্ষণের পর তাঁর শারীরিক অবস্থার আরও বিস্তারিত মূল্যায়ন করা হবে। আপাতত তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন।

