সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ৭,জুন :: মন্ত্রী হওয়ার পর প্রথমবার নিজের শহর শিলিগুড়িতে আসলেন,দেখা গেল আবারও চেনা ছন্দেই শঙ্কর ঘোষকে। ট্রেন থেকে এনজিপি স্টেশনে নেমে সরকারি চারচাকা গাড়িতে না উঠে তিনি চড়লেন স্কুটিতে।
স্কুটিতেই শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি।শহরের রাস্তায় স্কুটিতে মন্ত্রীকে দেখে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।বিভিন্ন মোড় ও এলাকায় তাকে একঝলক দেখবার জন্য প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন।
অনেকেই সামনে এগিয়ে এসে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পথে শহরের বেশ কিছু জায়গায় স্থানীয় বাসিন্দা ও দলীয় কর্মী-সমর্থকদের তরফ থেকে শঙ্কর ঘোষকে সংবর্ধনা দেওয়া হয়। ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে তাকে স্বাগত জানানো হয়।
মন্ত্রী হওয়ার পরও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখার এই উদ্যোগকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা।
শহরের রাস্তায় স্কুটিতে ঘুরে মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে।সব মিলিয়ে মন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পাওয়ার পর শিলিগুড়িতে শঙ্কর ঘোষের এই সফর এবং স্কুটিতে শহর পরিক্রমা দিনভর ছিল চর্চার কেন্দ্রবিন্দু।

