নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফলতা :: সোমবার ৮,জুন :: দক্ষিণ ২৪ পরগনার ফলতা ব্লকের বেলসিংহা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়া এবং পরে সেই টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
একটি ভাইরাল ভিডিও সামনে আসতেই এলাকায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, সরকারি আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছিল।
এবার সেই টাকাই ফেরত দেওয়া শুরু হওয়ায় প্রশ্নের মুখে স্থানীয় শাসকদলের একাংশ এবং পঞ্চায়েতের ভূমিকা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফলতা ব্লকের বেলসিংহা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্যামসুন্দর গ্রাম-সহ একাধিক এলাকায় দীর্ঘদিন ধরেই আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ উঠছিল।
অভিযোগ, বহু গরিব ও অসহায় পরিবারের কাছ থেকে সরকারি ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল। যদিও এতদিন অভিযোগ স্থানীয় স্তরে সীমাবদ্ধ থাকলেও সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বেলসিংহা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দ্রামণি হালদারের স্বামী তরুণ হালদার কয়েকজন স্থানীয় বাসিন্দার হাতে টাকা তুলে দিচ্ছেন। ভিডিওটি সামনে আসতেই এলাকায় শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক।
স্থানীয়দের একাংশের দাবি, যাঁদের কাছ থেকে আবাস যোজনার নাম করে টাকা নেওয়া হয়েছিল, তাঁদের মধ্যে কয়েকজনকে ডেকে টাকা ফেরত দেওয়া হচ্ছে। বিশেষ করে মনিরামপুর গ্রামের কয়েকজন বাসিন্দাকে ডেকে টাকা ফেরানোর ঘটনা সামনে আসতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনাকে কেন্দ্র করে শ্যামসুন্দর গ্রাম-সহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার নামে সাধারণ গরিব মানুষের কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে।
তাঁদের বক্তব্য, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা সরকারি আবাস প্রকল্পের ঘর পাওয়ার জন্য কোনও টাকা লাগার কথা নয়, তবুও ভয় ও প্রলোভন দেখিয়ে টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ। এখন জনরোষের মুখে পড়ে সেই টাকা ফেরত দেওয়া হচ্ছে বলেও দাবি তুলেছেন অনেকে।
এই ঘটনার পর রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগকারীদের পক্ষ থেকে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের নজরে আনা হলে তাঁদের বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এই প্রসঙ্গে ফলতা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডা কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “সরকারি আবাস যোজনার ঘর দেওয়ার জন্য যারা যারা টাকা দিয়েছে, তাঁদের আমি আগেই জানিয়ে দিয়েছিলাম যে এক সপ্তাহের মধ্যে সমস্ত টাকা ফেরত দিতে হবে।
এখন দেখা যাচ্ছে তরুণ হালদার সেই কাজ শুরু করেছে। তবে এটা শুরু মাত্র। আমি আবারও হুঁশিয়ারি দিয়ে বলছি, যারা যারা সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, তারা অবিলম্বে সমস্ত টাকা ফেরত দিয়ে দিক।”

