তৃণমূলের প্রবীণ নেতার রাস্তার মাঝখানে কান ধরে উঠবস – ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পটাশপুর :: মঙ্গলবার ৯,জুন :: পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-১ ব্লকের নৈপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, নৈপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান অরূপ মাইতি রাস্তার মাঝখানে কান ধরে উঠবস করছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি বাইক নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় এলাকার কয়েকজন মানুষ তাঁকে ঘিরে ধরেন। ভাইরাল ভিডিওতে শোনা যায়, কয়েকজন যুবক লাঠি হাতে তাঁকে কান ধরে উঠবস করার নির্দেশ দিচ্ছেন। এরপর তিনি রাস্তার মাঝখানেই কান ধরে উঠবস করেন।

ঘটনা প্রসঙ্গে বিজেপির এক মণ্ডল সভাপতি কৃষ্ণ গোপাল দাস দাবি করেছেন, অরূপ মাইতি “জনরোষের শিকার” হয়েছেন। তাঁর অভিযোগ, তৃণমূলে থাকার সময় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যুক্ত থাকার কারণেই এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে এই ধরনের প্রতিবাদ দেখিয়েছেন।

তিনি আরও বলেন, “সমস্ত তৃণমূল নেতাদের বলব, সময় থাকতে যদি কোনও দুর্নীতি বা অনিয়ম করে থাকেন, তা স্বীকার করুন। না হলে জনতার ক্ষোভের মুখে পড়তে হতে পারে।”

অন্যদিকে, এই ঘটনাকে ঘিরে সমাজের বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেরই মত, কোনও অভিযোগ বা রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু একজন প্রবীণ মানুষকে প্রকাশ্যে রাস্তার মাঝখানে কান ধরে উঠবস করানো কোনওভাবেই সভ্য সমাজের পরিচয় বহন করে না।

আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা গণতান্ত্রিক ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী বলেও মত প্রকাশ করেছেন অনেকে। ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তবে এই ঘটনার বিষয়ে অরূপ মাইতির প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের তরফেও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 4 =