“‘সেবাশ্রয়’ না দুর্নীতির আশ্রয় ? মাটির নিচে কোটি টাকার ওষুধ উদ্ধারে সরিষায় শোরগোল”

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: বৃহস্পতিবার ১১,জুন :: ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের সরিষা পঞ্চায়েত এলাকার হিঙ্গছেবেরিয়া গ্রামে কয়েক কোটি টাকার সেবাশ্রয় ক্যাম্পের ওষুধ মাটির নিচ থেকে উদ্ধারের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, সাধারণ মানুষের চিকিৎসার জন্য আনা কোটি কোটি টাকার ওষুধ ও চিকিৎসা সামগ্রী গোপনে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত প্রশাসন বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ডায়মন্ড হারবার ২ নম্বর বিজেপি মণ্ডলের সভাপতি উত্তম বাগের নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকেরা সরিষার হিঙ্গছেবেরিয়া এলাকায় অভিযান চালান।অভিযোগ, নির্দিষ্ট একটি জায়গায় মাটি খুঁড়তেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ ওষুধ, স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন সামগ্রী, এমনকি অক্সিজেন সিলিন্ডারও।

মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন এলাকার মানুষ। বহু মানুষ মোবাইলে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। এলাকাজুড়ে শুরু হয় তুমুল চর্চা। বিজেপির দাবি, উদ্ধার হওয়া ওষুধ ও সামগ্রীগুলি তথাকথিত “সেবাশ্রয় ক্যাম্প”-এ ব্যবহারের জন্য আনা হয়েছিল।

উল্লেখ্য, ডায়মন্ড হারবার, বজবজ এবং ফলতা-সহ বিভিন্ন এলাকায় সম্প্রতি সেবাশ্রয় ক্যাম্প পরিচালনা করা হয়েছিল।

বিজেপির অভিযোগ, সেই ক্যাম্পগুলির দায়িত্বে ছিলেন ফলতার প্রভাবশালী তৃণমূল নেতা জাহাঙ্গীর খান এবং ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক তথা মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক শামীম আহমেদের ঘনিষ্ঠ নেতৃত্ব।

যদিও এই দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ঘটনাকে কেন্দ্র করে ডায়মন্ড হারবারের রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

একদিকে বিজেপি দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে তৃণমূল কী অবস্থান নেয়, সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। এখন দেখার, প্রশাসনিক তদন্ত আদৌ শুরু হয় কি না এবং শুরু হলে সেই তদন্তে কী তথ্য উঠে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + thirteen =