নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: লাউদোহা(দুর্গাপুর) :: বৃহস্পতিবার ১১,জুন :: প্রশাসনিক পরিবর্তনের পর অবৈধ বালি, কয়লা ও লোহার কারবার বন্ধের দাবি করা হলেও
এখনও বিভিন্ন এলাকায় বৈধতার আড়ালে অবৈধ ব্যবসা চলার অভিযোগ উঠছে। এবার এমনই অভিযোগ সামনে এসেছে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গৌরবাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরবাজার এলাকায় একাধিক ছোট ছোট বালির গ্রেডেশন (কণা-বিন্যাস) ইউনিট গড়ে উঠেছে।
নদী থেকে বালি এনে তা প্রক্রিয়াকরণের মাধ্যমে সূক্ষ্ম বালিতে পরিণত করে বস্তাবন্দি অবস্থায় রাজ্যের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। ব্যবসায়ীদের দাবি, তারা সমস্ত বৈধ কাগজপত্র মেনেই দীর্ঘদিন ধরে এই ব্যবসা পরিচালনা করছেন।
তবে বৃহস্পতিবার সকালে শ্রীকৃষ্ণপুর গ্রামের কয়েকজন যুবক একটি বালি বোঝাই গাড়ি আটক করলে বিতর্কের সূত্রপাত হয়।
অভিযোগ, গাড়ির চালকের কাছে বালির বৈধ নথি দেখতে চাওয়া হলে দেখা যায় চালানটি ফেব্রুয়ারি মাসের। আরও অভিযোগ, চালানে ট্রাক্টরের মাধ্যমে বালি পরিবহনের উল্লেখ থাকলেও বাস্তবে বালি বহন করছিল একটি ১৬ চাকার ভারী ট্রাক।
গ্রামবাসীদের দাবি, জেলা পরিষদের ওই রাস্তায় ১০ টনের বেশি ওজনের যান চলাচলের অনুমতি নেই। কিন্তু নিয়ম অমান্য করে ৩০ থেকে ৩৫ টন বালি বোঝাই ভারী যানবাহন নিয়মিত চলাচল করছে। এর ফলে রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে এবং দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে।

