নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সোমবার ১৫,জুন :: জমির পাট্টা দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুর্গাপুরের ৪১ নম্বর ওয়ার্ডে অভিনব প্রতিবাদের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল।
বিদায়ী তৃণমূল কাউন্সিলর শিপুল সাহাকে না পেয়ে তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত এক স্থানীয় তৃণমূল নেতাকে ডিমের ওমলেট খাইয়ে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের মহানন্দা কলোনি এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, প্রায় চার বছর আগে মহানন্দা কলোনি, বীরভানপুর ও সংলগ্ন এলাকার বহু মানুষের কাছ থেকে সরকারি জমির পাট্টা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা সংগ্রহ করা হয়েছিল।
অভিযোগ, দীর্ঘ সময় কেটে গেলেও কেউ জমির পাট্টা পাননি, এমনকি তাঁদের দেওয়া টাকাও ফেরত মেলেনি।
মহানন্দা কলোনির এক শিক্ষকের বাড়ি থেকে পাট্টা সংক্রান্ত বেশ কিছু পূরণ করা ফর্ম উদ্ধার হয়েছে বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর পরিস্থিতি প্রতিকূল বুঝে কিছু তৃণমূল নেতা ওই ফর্মগুলি সেখানে রেখে গিয়েছিলেন।
এরপরই ক্ষুব্ধ বাসিন্দারা হাতে সেই ফর্ম ও ঝাঁটা নিয়ে প্রতিবাদে সামিল হন। এলাকায় ডেকে আনা হয় শিপুল সাহার ঘনিষ্ঠ বলে পরিচিত স্থানীয় তৃণমূল নেতা সুকুমার চক্রবর্তীকে। বিক্ষোভকারীরা তাঁকে প্রতীকীভাবে ডিমের ওমলেট খাইয়ে জমির পাট্টার নামে সংগৃহীত টাকার হিসাব জানতে চান।
যদিও সুকুমার চক্রবর্তী দাবি করেন, এই বিষয়ে তিনি কিছু জানেন না এবং বিষয়টি সম্পর্কে শিপুল সাহাই বিস্তারিত বলতে পারবেন।

