শুরু জন কল্যাণ শিবির, প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী শংকর ঘোষ

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ১৫,জুন :: সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দিতে ১৫ জুন থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী জন কল্যাণ শিবির।

এই উপলক্ষে শিলিগুড়ির ৩ নম্বর বরোর ইনডোর স্টেডিয়ামে প্রস্তুতি পরিদর্শনে আসেন রাজ্যের মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ । শিবির শুরুর আগেই বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে সকাল থেকেই ভিড় জমাতে দেখা যায় সাধারণ মানুষকে।

রাজ্য প্রশাসনের উদ্যোগে ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত সারা রাজ্যে অনুষ্ঠিত হবে জন কল্যাণ শিবির। এই শিবিরের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

পাশাপাশি বিভিন্ন প্রকল্পে আবেদন, নথি যাচাই ও নিবন্ধনের কাজও করা যাবে এক জায়গাতেই।

শংকর ঘোষ জানান, সাধারণ মানুষ যাতে কোনও দালালচক্র বা হয়রানির শিকার না হয়ে সরাসরি সরকারি পরিষেবা পান, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিবিরে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা করবেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রতিটি শিবিরে আধার নিবন্ধন কেন্দ্র, শূন্য ব্যালেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কাউন্টার, আয়ুষ্মান যোজনা, অন্নপূর্ণা যোজনা-সহ একাধিক প্রকল্পের জন্য পৃথক কাউন্টার থাকবে।

এছাড়াও গরমের কথা মাথায় রেখে স্বাস্থ্য শিবির, পানীয় জল, বিশ্রাম ও অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামোরও ব্যবস্থা রাখা হয়েছে।

রাজ্য, জেলা ও ব্লক— এই তিন স্তরে পরিচালিত হবে জন কল্যাণ শিবির। প্রতিটি জেলার দায়িত্বে থাকবেন জেলাশাসক এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। শিবির সংক্রান্ত অভিযোগ বা তথ্য জানার জন্য টোল-ফ্রি নম্বরও চালু করা হয়েছে।

প্রশাসনের দাবি, ‘সিঙ্গল উইন্ডো’ ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়া এবং প্রকল্প সংক্রান্ত জটিলতা দূর করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। শিলিগুড়িসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও এই শিবিরকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =