সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মৌশুনী দ্বীপ :: মঙ্গলবার ১৬,জুন :: অমাবস্যার ভরা কোটালের জেরে ফের প্রকৃতির রুদ্ররূপের মুখোমুখি সুন্দরবন উপকূলবর্তী এলাকা। দক্ষিণ ২৪ পরগনার মৌশুনী দ্বীপের বালিয়াড়া অঞ্চলের সল্ট ঘেরী গ্রামে হঠাৎই সমুদ্র বাঁধে ধস নামায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মঙ্গলবার সকালে আচমকাই বঙ্গোপসাগর সংলগ্ন প্রায় ১৫০ ফুট দীর্ঘ সমুদ্র বাঁধের একটি বড় অংশ ধসে পড়ার ঘটনায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, অবিলম্বে বাঁধ মেরামতির কাজ না হলে ভরা কোটালের জেরে সমুদ্রের জল ঢুকে প্লাবিত হতে পারে গোটা গ্রাম।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমাবস্যাকে কেন্দ্র করে ভরা কোটালের কারণে সমুদ্রের জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছরের মতো এবারও উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের চাপ অনেকটাই বেশি। মঙ্গলবার সকালে আচমকাই মৌশুনীর বালিয়াড়ার সল্ট ঘেরী এলাকায় সমুদ্র বাঁধের একাংশে বড়সড় ধস নামে।
মুহূর্তের মধ্যেই প্রায় ১৫০ ফুট এলাকা জুড়ে বাঁধ ভেঙে যায় বলে দাবি স্থানীয়দের। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে অতীতে একাধিকবার অস্থায়ীভাবে বাঁধ সংস্কারের কাজ করা হলেও স্থায়ী কোনও সমাধান করা হয়নি। মাটি ও বস্তা ফেলে সাময়িকভাবে নদী ও সমুদ্র বাঁধ মেরামত করা হয়।
কিন্তু জোয়ারের বাড়তি চাপ কিংবা কোটালের সময় সেই বাঁধ আবার ভেঙে যায়। ফলে প্রতি বছর একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে উপকূলবর্তী গ্রামের মানুষকে।
বর্তমানে ভরা কোটালের জেরে সমুদ্রের জলস্তর আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সেই পরিস্থিতিতে ধসে যাওয়া অংশ দ্রুত মেরামত না করা হলে বড়সড় বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। এখন প্রশাসন কত দ্রুত পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে মৌশুনীর সল্ট ঘেরী গ্রামের মানুষ।

