তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ফালাকাটা ব্লকের সাতপুকুরিয়া হাট পাঁচমাইল এলাকার উত্তর পারঙ্গেরপারে নিম্নবুনিয়াদি বিদ্যালয়কে কেন্দ্র করে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফালাকাটা :: মঙ্গলবার ১৬,জুন :: শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল, স্কুল চত্বরে রাজনৈতিক দলের কার্যালয় নির্মাণ, শৌচাগারের দুর্গন্ধে মিড-ডে মিল রান্নাঘর বন্ধ হয়ে যাওয়া এবং স্কুলের মাঠ ব্যবহার করে লক্ষাধিক টাকার আর্থিক লেনদেন—

একাধিক বিস্ফোরক অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ফালাকাটা ব্লকের সাতপুকুরিয়া হাট পাঁচমাইল এলাকার উত্তর পারঙ্গেরপারে নিম্নবুনিয়াদি বিদ্যালয়কে কেন্দ্র করে।

স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে স্কুল ভবনের গা ঘেঁষে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস তৈরি করা হয়েছে। পাশাপাশি মিড-ডে মিল রান্নাঘরের পাশে নির্মিত হয়েছে মিষ্টির দোকান ও হোটেলের শৌচাগার।

সেই শৌচাগার থেকে নির্গত দুর্গন্ধে রান্নাঘর ব্যবহার করা অসম্ভব হয়ে পড়ায় স্কুল কর্তৃপক্ষ একটি শ্রেণিকক্ষে মিড-ডে মিল রান্নার ব্যবস্থা করতে বাধ্য হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপেশচন্দ্র সরকার দাবি করেন, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তর ও তৎকালীন পরিচালন কমিটিকে জানানো হলেও কার্যত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

তাঁর কথায়, ‘‘বিষয়টি বেশি না ঘাঁটানোর পরামর্শও দেওয়া হয়েছিল।’’ গ্রামবাসী তথা অভিভাবক আনন্দ দাস, বিশ্বজিৎ বিশ্বাস ও পরেশচন্দ্র দাসের অভিযোগ, বিদ্যালয়ের মাঠে নিয়মিত হাট বসানো, গাড়ি পার্কিং এবং জেলা পরিষদের অর্থে নির্মিত কমিউনিটি টয়লেট থেকে অর্থ আদায় করা হলেও সেই অর্থের কোনও অংশ স্কুলের তহবিলে জমা পড়ে না।

তাঁদের দাবি, সমস্ত অর্থ ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে অভিযোগ, কমিউনিটি টয়লেট নিয়মিত পরিষ্কার না হওয়ায় দুর্গন্ধে পাশের শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ, হাট কমিটির সভাপতি এবং

একই ক্যাম্পাসে অবস্থিত গপ্পু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি সঞ্জয় দাস। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য একাধিকবার ফোন করা হলেও যোগাযোগ করা যায়নি। তাঁর বাড়িতে গিয়েও দেখা মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − one =