চাষের জমি বাঁচাতে ফুঁসছে সাহেবডাঙ্গা, বালি মাফিয়াদের দৌরাত্ম্যের প্রতিবাদে সরব গ্রামবাসীরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইলামবাজার :: বুধবার ১৭,জুন :: উর্বর কৃষি জমি কেটে দেদার বালি উত্তোলনের অভিযোগ উঠল বালি মাফিয়াদের বিরুদ্ধে। এলাকার চাষযোগ্য জমি বাঁচাতে এবং পরিবেশ ধ্বংসের প্রতিবাদে নামলেন ইলামবাজারের সাহেবডাঙ্গা গ্রামের বাসিন্দারা।

পাশাপাশি এই বেআইনি খননকাজ বন্ধের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই সাহেবডাঙ্গা গ্রামের বিস্তীর্ণ এলাকায় একদল অসাধু ব্যবসায়ী প্রশাসন ফাঁকি দিয়ে আড়ালে ডেরার কৃষি জমি থেকে বালি তুলছে।

এর ফলে একদিকে যেমন চাষের জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে জমি বসে গিয়ে সংলগ্ন এলাকার বাড়িঘরও ক্ষতির মুখে পড়ছে। গ্রামবাসীদের অভিযোগ, বারবার স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানিয়েও কোনো সদতর পাওয়া যায়নি । যার জেরে বালি মাফিয়াদের দাপট ক্রমশ বাড়ছে।

গ্রামবাসীদের দাবি, “এই জমি আমাদের রুজিরুটির একমাত্র উৎস। মাফিয়ারা যেভাবে জমি গর্ত করে বালি তুলছে, তাতে আগামী দিনে এই এলাকায় চাষাবাদ তো দূরের কথা, থাকার মতো অবস্থাও থাকবে না। আমরা অবিলম্বে এই ধ্বংসলীলা বন্ধের দাবি জানাচ্ছি।”

বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হওয়ার পর আধিকারিকদের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসনের এক শীর্ষ কর্তা জানান, “সাহেবডাঙ্গা গ্রামের অভিযোগটি আমাদের নজরে এসেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য দ্রুত তদন্তকারী দল পাঠানো হবে।

যদি কোনো বেআইনি কাজের প্রমাণ পাওয়া যায়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।ইতিমধ্যেই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা হুঁশিয়ারি দিয়েছেন, খুব দ্রুত প্রশাসন কার্যকর ব্যবস্থা না নিলে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =