বর্ধমান উত্তর কেন্দ্রে ভোট গণনায় কারচুপির অভিযোগ, হাইকোর্টের দ্বারস্থ বিজেপি প্রার্থী সঞ্জয় দাস

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ১৭,জুন :: পূর্ব বর্ধমান জেলার বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের ভোট গণনায় অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি প্রার্থী সঞ্জয় দাস।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, গত বিধানসভা নির্বাচনের ভোট গণনার সময় একাধিক গুরুতর অনিয়ম ঘটেছিল, যার ফলে প্রকৃত ফলাফল প্রভাবিত হয়েছে। সঞ্জয় দাসের অভিযোগ, ভোট গণনার দিন ৪ মে রিটার্নিং অফিসার (আর.ও.) অমূল্য চন্দ্র সরকার ইচ্ছাকৃতভাবে গণনায় গরমিল করেন।

তিনি জানান, প্রথম পাঁচ রাউন্ড গণনা সম্পন্ন হওয়ার পর দীর্ঘ সময় ধরে অজ্ঞাত কারণে ভোট গণনা স্থগিত রাখা হয়। এরপর নির্ধারিত ১৬ রাউন্ডের পরিবর্তে মাত্র ১২ রাউন্ড গণনা করেই ফলাফল ঘোষণা করা হয় বলে তাঁর দাবি।

বিজেপি প্রার্থীর অভিযোগ, তিনি তখনই গণনার অনিয়মের প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু তাঁর বক্তব্য গুরুত্ব দেওয়া হয়নি। উল্টে তাঁকে গণনা কেন্দ্রের কাউন্টার থেকে সরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব এবং নিয়ম লঙ্ঘনের একাধিক অভিযোগ সামনে এনে তিনি আদালতের দ্বারস্থ হন।

সঞ্জয় দাস জানান, ভোট গণনা কেন্দ্রজুড়ে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। তাই আদালত যদি সেই ফুটেজ খতিয়ে দেখে, তাহলে প্রকৃত ঘটনা সামনে আসবে বলে তাঁর বিশ্বাস। তিনি পুনর্গণনার আবেদন জানিয়েছেন এবং হাইকোর্ট সেই আবেদন গ্রহণ করেছে।

জানা গিয়েছে, মামলার পরবর্তী শুনানি আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে। ওই দিনের শুনানির দিকে রাজনৈতিক মহল ও সংশ্লিষ্ট এলাকার ভোটারদের নজর রয়েছে। আদালতের নির্দেশের উপরই নির্ভর করবে ভোট গণনা সংক্রান্ত অভিযোগের ভবিষ্যৎ পরিণতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + fourteen =