অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল মালদার বৈষ্ণবনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের শুকদেবপুর এলাকা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ২০,জুন ::   বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল মালদার বৈষ্ণবনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের শুকদেবপুর এলাকা।

শনিবার ভোররাত থেকেই সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সীমান্তের ওপারে বহু বাংলাদেশি নাগরিক জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে কড়া পাহারায় মোতায়েন রয়েছে বিএসএফ।

জানা গেছে, অবৈধভাবে ভারতে প্রবেশ করা কয়েকজন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। সেই পুশব্যাক প্রক্রিয়াকে কেন্দ্র করেই সীমান্তের দুই প্রান্তে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। নিরাপত্তার স্বার্থে সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, শুকদেবপুর সীমান্তের প্রায় ১২০০ মিটার এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নেই। দীর্ঘদিন ধরেই এই তারকাঁটা বিহীন অংশ নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এর আগেও এই সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের ভারতের ভূখণ্ডে প্রবেশ এবং ভারতীয় কৃষকদের জমির ফসল কাটাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল।

এদিনের ঘটনায় সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বিএসএফের পাশাপাশি স্থানীয় প্রশাসনও পরিস্থিতির ওপর নজর রাখছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গোটা এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − fifteen =